bangladesh · Editorial

সাজেক ভ্যালি ভ্রমণ গাইড: যাওয়ার উপায়, রিসোর্ট, খরচ ও টিপস

সাজেক ভ্যালি ভ্রমণ গাইড: ঢাকা থেকে যাওয়ার রুট, চান্দের গাড়ি ভাড়া, রিসোর্ট, সেনা escort এবং সব দরকারি তথ্য এক জায়গায়। এখনই পড়ুন।

সাজেক ভ্যালির রিসোর্ট ও পাহাড়ি দৃশ্য

সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৮০০ ফুট উপরে — এমন একটা জায়গা যেখানে এক দিনে তিন রকম আবহাওয়ার মুখোমুখি হবেন। সকালে গরম, দুপুরে হঠাৎ বৃষ্টি, বিকেলে পুরো পাহাড় ঢেকে যাবে মেঘের চাদরে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এই সাজেক ভ্যালি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, আর বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।

মজার ব্যাপার হলো — সাজেক রাঙামাটি জেলার অন্তর্ভুক্ত হলেও সেখানে যাওয়ার সবচেয়ে সহজ পথ খাগড়াছড়ির দীঘিনালা হয়ে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার, আর দীঘিনালা থেকে মাত্র ৪০ কিলোমিটার।


দ্রুত তথ্য
  • অবস্থান: বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি (চট্টগ্রাম বিভাগ)
  • উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৮০০ ফুট
  • সেরা সময়: জুলাই–নভেম্বর (সবচেয়ে বেশি মেঘ)
  • প্রবেশ ফি: জনপ্রতি ২০ টাকা + গাড়ি প্রতি ১০০ টাকা
  • ভিসা: প্রযোজ্য নয় (অভ্যন্তরীণ ভ্রমণ)

সাজেকে কী কী দেখবেন?

সাজেকের প্রধান আকর্ষণ হলো পাহাড়ের গায়ে মেঘের অবিরাম খেলা। তুলোর মতো সাদা মেঘ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উড়ে বেড়ায় — এই দৃশ্য নিজে চোখে না দেখলে বিশ্বাস হবে না। পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হলো কংলাক পাহাড়। সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলক পাড়া — লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। এই পাড়া থেকেই কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায়।

হাতে আরেকটু সময় থাকলে রুইলুই পাড়া থেকে দুই ঘণ্টা ট্রেকিং করে ঘুরে আসুন কমলক ঝর্ণা থেকে। স্থানীয় অনেকে একে পিদাম তৈসা ঝর্ণা বা সিকাম তৈসা ঝর্ণা নামেও চেনে।

সাজেকের সবচেয়ে বড় উপহার হলো ভোরের সময়টা। মেঘের খেলা আর সূর্যোদয়ের রঙের মেলা — এই কম্বিনেশন দেখতে চাইলে খুব ভোরে উঠে চলে যান হ্যালিপ্যাডে। সাজেকের সবচেয়ে সুন্দর সূর্যোদয় ওখান থেকেই ধরা পড়ে। বিকেলে কোনো উঁচু জায়গা থেকে সূর্যাস্তের রঙিন রূপ দেখুন। আর সন্ধ্যার পর — যদি আকাশ পরিষ্কার থাকে — মাথার উপরে দেখা পাবেন কোটি কোটি তারার সমাবেশ, এমনকি মিল্কিওয়ে বা ছায়াপথও।

ফেরার পথে হাতে সময় থাকলে ঢু মেরে আসতে পারেন হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ, এবং দীঘিনালা বনবিহার থেকেও।

সাজেক যাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটি?

সত্যি বলতে, সাজেকের রূপের তুলনা হয় না — সারা বছরই আলাদা সাজে সেজে থাকে। তবে আপনি যদি সেই বিখ্যাত মেঘের খেলা দেখতে চান, তাহলে জুলাই থেকে নভেম্বর মাসই আদর্শ। এই সময় চারপাশে মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি।

ঢাকা থেকে সাজেক কীভাবে যাবেন?

সাজেক যাওয়ার রুটটা বুঝে নেওয়া দরকার। প্রথমে আপনাকে আসতে হবে খাগড়াছড়ি, তারপর সেখান থেকে চান্দের গাড়িতে সাজেক।

ঢাকা থেকে খাগড়াছড়ি (নন-এসি বাস)

হানিফ এন্টারপ্রাইজ, সৌদিয়া, সেন্টমার্টিন হুন্দাই, ইম্পেরিয়াল এক্সপ্রেস, দেশ ট্রাভেলস, শ্যামলী, শান্তি পরিবহন, এস আলম, ঈগল — এই বাসগুলোর ভাড়া ৭৫০–৮৫০ টাকা। বেশিরভাগ বাস রাত ১০টার মধ্যে ছেড়ে যায়।

ঢাকা থেকে খাগড়াছড়ি (এসি বাস)

সেন্টমার্টিন হুন্দাই রবি এক্সপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ, রিলাক্স ট্রান্সপোর্ট, শ্যামলী, দেশ ট্রাভেলস, ইকোনো সার্ভিস — ভাড়া ১,০০০–১,৬০০ টাকা। গাবতলী, কলাবাগানসহ ঢাকার বিভিন্ন প্রান্তে এদের কাউন্টার আছে। ছুটির দিনে যেতে চাইলে আগে থেকেই টিকিট কেটে রাখুন।

সরাসরি দীঘিনালা যাওয়ার অপশন

শান্তি পরিবহনের বাস ঢাকা থেকে সরাসরি দীঘিনালা যায়, ভাড়া ৮২০ টাকা। সাজেকের কাছাকাছি বলে এটা অনেকের পছন্দ।

খাগড়াছড়ি থেকে সাজেক — চান্দের গাড়ি নাকি CNG?

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে জীপ/চান্দের গাড়ি রিজার্ভ করে সাজেক যাওয়া যায়। যাওয়া-আসা সহ দুই দিনের জন্য ভাড়া ১০,৫০০–১২,০০০ টাকা। এক গাড়িতে ১২–১৫ জন যেতে পারবেন। লোক কম থাকলে অন্য গ্রুপের সাথে শেয়ার করে গেলে খরচ অনেকটা কমে যায়।

CNG দিয়েও সাজেক যাওয়া যায় — রিজার্ভ ভাড়া ৪,০০০–৫,০০০ টাকা। তবে পাহাড়ি উঁচু-নিচু আঁকাবাঁকা রাস্তায় CNG তে ভ্রমণ একদম recommend করি না।

জীপ সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতির অফিসিয়াল ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

রুট ও যাত্রার ধরনভাড়া (টাকা)
খাগড়াছড়ি → সাজেক (সকালে গিয়ে বিকেলে আসা)৭,৫০০
খাগড়াছড়ি → সাজেক (১ রাত্রি যাপন সহ আসা-যাওয়া)৯,০০০
খাগড়াছড়ি → সাজেক (১ রাত্রি + আলুটিলা গুহা, রিচাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ)১১,০০০
খাগড়াছড়ি → সাজেক (আসা-যাওয়া + ২ রাত্রি যাপন)১২,০০০
খাগড়াছড়ি → সাজেক (২ রাত্রি + আলুটিলা গুহা, রিচাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ)১৪,০০০
খাগড়াছড়ি → দেবতা পুকুর, আলুটিলা, রিচাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ (ডে ট্রিপ)৬,০০০
খাগড়াছড়ি → পানছড়ি, অরণ্য কুঠির, মায়াবিনী লেক (ডে ট্রিপ)৫,০০০
খাগড়াছড়ি ↔ রাঙামাটি (যাওয়া-আসা)৭,০০০ (১ রাত্রি = +২,০০০)
খাগড়াছড়ি ↔ বান্দরবান (যাওয়া-আসা)১২,০০০ (১ রাত্রি = +৩,০০০)

এক বা দুই রাত্রি যাপনের প্ল্যান হলেও যদি রাতে না থেকে বিকেলেই ফিরে আসতে হয়, সেক্ষেত্রে ৫০০ টাকা অতিরিক্ত ভাড়া যোগ হবে। আর সাজেক ঢোকার সময় জনপ্রতি ২০ টাকা ও গাড়িপ্রতি ১০০ টাকা পর্যটক ফি দিতে হয়।

খাগড়াছড়ি শ্রমযান সমিতির অফিসিয়াল CNG ভাড়ার তালিকা:

রুট ও যাত্রার ধরনভাড়া (টাকা)
খাগড়াছড়ি → সাজেক (শুধু যাওয়া)৩,২০০
খাগড়াছড়ি → সাজেক (সকালে গিয়ে বিকেলে আসা)৪,২০০
খাগড়াছড়ি → সাজেক (১ রাত্রি যাপন)৫,২০০
খাগড়াছড়ি → সাজেক (২ রাত্রি যাপন)৬,২০০
খাগড়াছড়ি → সাজেক (১ রাত্রি + আলুটিলা, রিচাং, ঝুলন্ত ব্রিজ)৬,২০০
খাগড়াছড়ি → সাজেক (২ রাত্রি + আলুটিলা, রিচাং, ঝুলন্ত ব্রিজ)৭,২০০
আলুটিলা গুহা, রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ (রিজার্ভ)১,৫০০

আপনি যদি একা বা ২–৩ জন হন, তাহলে শাপলা চত্বরে অনেক গ্রুপ পাওয়া যায় — তাদের সাথে শেয়ার করে যেতে পারবেন। অথবা জিপ সমিতির অফিসে গেলে ওরাই অন্য কোনো গ্রুপের সাথে ম্যানেজ করে দেবে।

আরেকটা অপশন — খাগড়াছড়ি থেকে দীঘিনালা গিয়ে সেখান থেকে সাজেক। দূরত্ব ২০ কিলোমিটার। বাস ভাড়া ৪৫ টাকা, মোটরসাইকেল জনপ্রতি ১০০ টাকা। চাইলে মোটরসাইকেল রিজার্ভ করেও সাজেক ঘুরে আসা যায়।

চট্টগ্রাম, রাঙামাটি বা কক্সবাজার থেকে সাজেক

চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের কদমতলী থেকে BRTC এর AC বাস সারাদিনে ৪টি বাস চলে, ভাড়া ২০০ টাকা। অক্সিজেন মোড় থেকে ১ ঘণ্টা পর পর শান্তি পরিবহনের বাস (ভাড়া ১৯০ টাকা) পাওয়া যায়। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ৪–৫ ঘণ্টা।

রাঙামাটি থেকে: নৌপথ ও সড়কপথ — দুইভাবেই বাঘাইছড়ি যাওয়া যায়। রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭:৩০ থেকে ১০:৩০ এর মধ্যে লঞ্চ ছাড়ে, সময় লাগে ৫–৬ ঘণ্টা, জনপ্রতি ভাড়া ১৫০–২৫০ টাকা। রাঙামাটি বাস টার্মিনাল থেকে সকাল ৭:৩০ থেকে ৮:৩০ এর মধ্যে বাস ছাড়ে, ভাড়া ২০০ টাকা, সময় ৬–৭ ঘণ্টা। বাঘাইছড়ি থেকে জীপ বা মোটরসাইকেলে সাজেক যাওয়া যায়, জনপ্রতি ভাড়া ৩০০ টাকা।

কক্সবাজার থেকে: শান্তি পরিবহনের বাস কক্সবাজার–খাগড়াছড়ি রুটে চলে। রাত ৯টা ও ১০টায় বাস ছাড়ে, নন-এসি ভাড়া ৫৫০ টাকা।

সেনাবাহিনীর Escort System — যা না জানলে আটকে যাবেন


সতর্কতা

যেভাবেই যান, দীঘিনালায় আপনাকে সকাল ৯টা থেকে ৯:৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। দীঘিনালা থেকে বাকি রাস্তা নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর এসকর্টে যেতে হবে। এসকর্ট দিনে দুইবার পাওয়া যায় — সকাল ৯:৩০ এবং দুপুর ২:৩০ মিনিটে। সকালের এসকর্ট মিস করলে বিকেল পর্যন্ত অপেক্ষা, আর বিকেলের টা মিস করলে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসকর্ট ছাড়া যাওয়ার অনুমতি পাবেন না।

দীঘিনালা পৌঁছে হাতে সময় থাকলে হাজাছড়া ঝর্ণা ঘুরে নিতে পারেন। দীঘিনালা থেকে বাগাইহাট, মাচালং বাজার, তারপর রুইলুই পাড়া হয়ে পৌঁছে যাবেন সাজেকে। খাগড়াছড়ি শহর থেকে সাজেক যেতে মোট ২–৩ ঘণ্টা লাগে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে চলার এই সময়টুকু আজীবন মনে থাকবে।

সাজেকে কোথায় থাকবেন?

সাজেকে শতাধিক রিসোর্ট ও কটেজ আছে। এক রাতের জন্য রুম ভাড়া রিসোর্ট ভেদে ১,৫০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত যায়। ছুটির দিনে যেতে চাইলে অন্তত মাসখানেক আগে বুকিং দিয়ে রাখুন — নাহলে ভালো রুম পাওয়ার নিশ্চয়তা প্রায় শূন্য। কম খরচে থাকতে চাইলে আদিবাসী কটেজগুলোতেও থাকতে পারবেন।

লাক্সারি

সাজেক রিসোর্ট

১০,০০০–১৫,০০০৳/রাত | বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত, খাবারের ব্যবস্থা সহ

মধ্যম মানের

মেঘপুঞ্জি রিসোর্ট

৫,৫০০–৬,০০০৳/রাত | ৬টি ইকো-ফ্রেন্ডলি কটেজ, সবচেয়ে জনপ্রিয়

বাজেট বান্ধব

আদিবাসী কটেজ

১৫০–৩০০৳/জন | সবচেয়ে সস্তা, কালচারাল অভিজ্ঞতা সহ

আরও কিছু জনপ্রিয় রিসোর্টের তথ্য:

রুন্ময় রিসোর্ট (Runmoy Resort): মোট ৫টি রুম, প্রতিটিতে ২ জন থাকতে পারবেন। নিচ তলার রুম ৪,৪৫০ টাকা, উপরের তলার রুম ৪,৯৫০ টাকা। ৬০০ টাকায় অতিরিক্ত বেড নেওয়া যায়। যোগাযোগ: 0186547688

মেঘপুঞ্জি রিসোর্ট (Meghpunji Resort): সাজেকের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় রিসোর্ট। ইকো-ফ্রেন্ডলি ডেকোরেশন ও দারুণ ল্যান্ডস্কেপ ভিউ সহ ৬টি কটেজ — তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা, নীলিমা ও রোদেলা। ভাড়া ৫,৫০০–৬,০০০ টাকা। যোগাযোগ: 01815-761065

মেঘ মাচাং (Megh Machang): তুলনামূলক কম খরচে ভালো ভিউ চাইলে এটা অনেকের প্রথম পছন্দ। ৫টি কটেজ, ভাড়া ৩,৫০০–৪,৫০০ টাকা। খাবারের ব্যবস্থা আছে। যোগাযোগ: 01822-16887

জুমঘর ইকো রিসোর্ট (Jumghor Eco Resort): পৃথক কটেজে ৬টি কাপল রুম, প্রতিটিতে সর্বোচ্চ ৪ জন থাকতে পারবেন। কটেজ প্রতি ভাড়া ৫,০০০ টাকা। যোগাযোগ: 01884-208060

আলো রিসোর্ট (Alo Resort): সাজেকের একটু আগে রুইলুই পাড়ায়। ৬টি রুম, ৪টি ডাবল রুম। ভাড়া ১,০০০–১,৫০০ টাকা। যোগাযোগ: 01841-000645

সাজেক রিসোর্ট (Sajek Resort): বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত। নন-এসি রুমের ভাড়া ১০,০০০–১৫,০০০ টাকা। সেনাবাহিনীতে কর্মরত বা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের জন্য ডিসকাউন্ট আছে। যোগাযোগ: 01859-025694 / 01847-070395 / 01769-302370

আদিবাসী ঘর: সবচেয়ে কম খরচে থাকতে চাইলে আদিবাসীদের ঘরে জনপ্রতি ১৫০–৩০০ টাকায় থাকা যায়। ফ্যামিলি বা কাপলের জন্য আদর্শ না, কিন্তু বন্ধুবান্ধব মিলে গেলে চমৎকার অপশন।

সাজেকে কী খাবেন?

সব রিসোর্টে খাবারের ব্যবস্থা আছে — আগে থেকে বলে রাখলে পছন্দমতো রান্না করে দেবে। প্রতিবেলা প্রতিজন ১০০–২৫০ টাকা পর্যন্ত খরচ পড়বে, মেনুতে থাকবে ভাত, আলু ভর্তা, মুরগির মাংস ইত্যাদি।

রাতে চাইলে বার-বি-কিউ করতে পারবেন। আর অবশ্যই খেয়ে দেখুন স্পেশাল ব্যাম্বো চিকেন এবং স্থানীয় অন্যান্য খাবার — সাজেকের আসল স্বাদ এগুলোতেই। সস্তায় পেঁপে, আনারস, কলার মতো ফলও পাবেন।

সাজেক ভ্রমণে গুরুত্বপূর্ণ টিপস

⭐ দরকারী টিপ

সাজেকে অনেক জায়গায় বিদ্যুৎ নেই, সোলার পাওয়ার থাকে। সাথে একটা পাওয়ার ব্যাংক রাখা mandatory। মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে শুধু রবি, এয়ারটেল ও টেলিটক ভালো কাজ করে — গ্রামীণফোন বা বাংলালিংক প্রায় কাজ করে না।

আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:

রাস্তায় সাবধান: সাজেকের রাস্তা অনেক আঁকাবাঁকা ও উঁচু-নিচু — বিপদজনক। জীপের ছাদে ভ্রমণে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন।

গাইড লাগবে না: সাজেক যেতে আলাদা গাইডের প্রয়োজন নেই। চান্দের গাড়ির ড্রাইভাররাই গাইড হিসেবে কাজ করেন।

আদিবাসীদের ছবি তোলার আগে অনুমতি নিন: অনুমতি ছাড়া কখনো ছবি তুলবেন না। আদিবাসী মানুষজন সহজ-সরল — তাদের সাথে ভদ্র আচরণ করুন এবং তাদের কালচারের প্রতি সম্মান দেখান।

আগে থেকে রুম বুকিং: ছুটির দিনে গেলে অন্তত মাসখানেক আগে রুম বুকিং দিয়ে রাখুন।

NID কপি সাথে রাখুন: যাবার পথে কয়েক জায়গায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প আছে। সেখানে ভ্রমণকারীদের কিছু তথ্য জমা দিতে হয়। নিরাপত্তার স্বার্থে তাদের সহযোগিতা করুন এবং সাথে নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখুন।

গাড়ি ম্যানেজ: দুই-তিন দিনের জন্য গেলে গাড়ি বসিয়ে না রেখে শুধু যাবার জন্য গাড়ি ঠিক করুন। ফেরার সময় অন্য কোনো গাড়িতে আসুন, কিংবা দীঘিনালা থেকে ফোন করে গাড়ি পাঠিয়ে ফেরত আসতে পারবেন — খরচ অনেকটা কমবে।

✈️ Tripzao টিপ

সাজেক যাওয়ার আগে চট্টগ্রাম পর্যন্ত সস্তায় ফ্লাইট খুঁজতে Tripzao ব্যবহার করুন — ঢাকা–চট্টগ্রাম ফ্লাইটে সময় বাঁচিয়ে সরাসরি খাগড়াছড়ির বাসে উঠে পড়ুন।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

সাজেক ভ্যালি কোন জেলায় পড়েছে?

সাজেক ভ্যালির অবস্থান রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়। তবে ভৌগোলিক কারণে সেখানে যাওয়ার সবচেয়ে সহজ পথ খাগড়াছড়ির দীঘিনালা হয়ে — খাগড়াছড়ি থেকে দূরত্ব ৭০ কিলোমিটার, দীঘিনালা থেকে ৪০ কিলোমিটার।

ঢাকা থেকে সাজেক যেতে মোট কত খরচ পড়বে?

ঢাকা–খাগড়াছড়ি বাস ভাড়া নন-এসি ৭৫০–৮৫০ টাকা, এসি ১,০০০–১,৬০০ টাকা। খাগড়াছড়ি থেকে সাজেকের জন্য চান্দের গাড়ি ১ রাত যাপন সহ ৯,০০০ টাকা (১২–১৫ জন শেয়ার করতে পারবেন)। থাকার খরচ রিসোর্ট ভেদে ১,৫০০–১৫,০০০ টাকা প্রতি রাত। খাবার প্রতি বেলা ১০০–২৫০ টাকা।

সাজেক ভ্রমণের সবচেয়ে ভালো সময় কোনটি?

বছরের যে কোনো সময় সাজেক যাওয়া যায়, কিন্তু জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে গেলে সবচেয়ে বেশি মেঘের খেলা দেখা যায় — যেটা সাজেকের প্রধান আকর্ষণ। ছুটির দিনে যাওয়ার প্ল্যান থাকলে অন্তত মাসখানেক আগে রুম বুকিং দিয়ে রাখুন।

তথ্যসূত্র: Vromon Guide

A
About the Author
Ahsan_Hisham

Tripzao Journal writer — travel journalist covering Asia, Europe and beyond.