
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অখণ্ড সমুদ্র সৈকত — ১২০ কিলোমিটার বালির এক বিছানা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য বলে কাউকে আলাদা করে চেনাতে হয় না। প্রতি বছর লাখ লাখ পর্যটক উত্তাল ঢেউ আর সূর্যাস্তের মায়াজালে আটকে পড়েন এই কক্সবাজারে।
কিন্তু বেশিরভাগ মানুষ ভাবেন কক্সবাজার মানে শুধু শীতকাল। আসলে কক্সবাজার এমন একটা জায়গা যেখানে বছরের যেকোনো সময় গেলেই ভিন্ন রূপ পাবেন। এই গাইডে কক্সবাজার যাওয়ার সব রুট, হোটেলের বিস্তারিত, খাওয়ার জায়গা, আশেপাশের দর্শনীয় স্থান, এবং খরচ কমানোর টিপস সব এক জায়গায়।
দ্রুত তথ্য
- অবস্থান: কক্সবাজার জেলা, চট্টগ্রাম বিভাগ
- সৈকতের দৈর্ঘ্য: ১২০ কিলোমিটার (পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অখণ্ড সৈকত)
- সেরা সময়: বছরের যেকোনো সময় (পিক সিজন: ১৫ ডিসেম্বর–১৫ জানুয়ারি)
- ঢাকা থেকে দূরত্ব: বাসে ৯–১০ ঘণ্টা, ট্রেনে ৯ ঘণ্টা, ফ্লাইটে ১ ঘণ্টা
- ভিসা: প্রযোজ্য নয় (অভ্যন্তরীণ ভ্রমণ)
কক্সবাজার ভ্রমণের সবচেয়ে ভালো সময় কোনটি?
সবাই শীতকালেই যেতে চায় — কিন্তু সত্যি বলতে, কক্সবাজার বছরের যেকোনো সময় বেড়ানো যায়। প্রকৃতি যখন বদলায়, কক্সবাজারও বদলায়। ঝুম বর্ষায় গেলে সাগরের অন্য রূপ পাবেন। শরতের নীল আকাশের সাথে সমুদ্রের মিতালি দারুণ কম্বিনেশন। আর হেমন্তের পূর্ণিমার রাতে কক্সবাজার যেন অন্য জগৎ।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা — শীতকাল মানে পিক সিজন, আর পিক সিজনের বাইরে গেলে হোটেল ভাড়া থেকে শুরু করে প্রায় সবকিছুতেই ডিসকাউন্ট পাওয়া যায়। বাজেট ট্রাভেলারদের জন্য অফ-সিজন আদর্শ।
কক্সবাজার কীভাবে যাবেন?
কক্সবাজার এতটাই জনপ্রিয় গন্তব্য যে বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই বাসে অথবা ট্রেনে যাওয়ার সুযোগ আছে। সুবিধামতো রুট বেছে নিন।
ঢাকা থেকে কক্সবাজার (বাসে)
ঢাকা থেকে কক্সবাজারগামী জনপ্রিয় বাসগুলোর মধ্যে আছে — সৌদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস.আলম পরিবহন, মডার্ন লাইন। এসি, নন-এসি বা স্লিপার বাসের ভাড়া ১,১০০ থেকে ২,৭০০ টাকা পর্যন্ত।
ঢাকা থেকে কক্সবাজার (ট্রেনে)
সরাসরি কক্সবাজার যেতে চাইলে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে যেতে পারবেন।
রাতে ঢাকা থেকে যাত্রা করে সকালে কক্সবাজারে পৌঁছায়। স্লিপ করেই পৌঁছানো যায়।
ভোরে যাত্রা শুরু করে বিকেলে পৌঁছায়। দিনে যাত্রা পছন্দ হলে এটা ভালো।
মোট সময় লাগে প্রায় ৯ ঘণ্টা। ট্রেন ভাড়া — শোভন চেয়ার ৬৯৫ টাকা, এসি স্নিগ্ধা ১,৩২৫ টাকা, এসি বার্থ ২,৩৮০ টাকা। ট্রেনের টিকিট অবশ্যই আগে কেটে রাখুন, নইলে শেষ মুহূর্তে নাও পেতে পারেন।
চট্টগ্রাম হয়ে কক্সবাজার
সরাসরি কক্সবাজার যেতে না পারলে চট্টগ্রাম হয়েও যেতে পারেন। চট্টগ্রামের নতুন ব্রিজ, দামপাড়া বাস স্ট্যান্ড বা জিইসি মোড় থেকে কক্সবাজারের বাস পাওয়া যায়। বাস ভেদে নন-এসি ভাড়া ৪২০–৭২০ টাকা এবং এসি বাস ৮০০–১,০০০ টাকা। চট্টগ্রাম থেকে রিজার্ভ মাইক্রোবাসেও যাওয়ার সুযোগ আছে। কক্সবাজারগামী ট্রেনের কিছু আসনের টিকিট চট্টগ্রাম থেকেও পাওয়া যায়, এবং কখনো কখনো স্পেশাল ট্রেন সার্ভিসও চালু থাকে।
ঢাকা থেকে কক্সবাজার (বিমানে)
সময় বাঁচাতে চাইলে ফ্লাইটই সেরা অপশন। ঢাকা থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে — Bangladesh Biman, Novoair, Air Astra ও US-Bangla Airlines। বিমান ভাড়া ৪,৫৯৯ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। মাত্র ১ ঘণ্টায় পৌঁছে যাবেন।
কক্সবাজারে কোথায় থাকবেন?
কক্সবাজারের হোটেলগুলোর বর্তমান ধারণক্ষমতা প্রায় ১৫০,০০০ জন। অফ-সিজনে বুকিং না দিয়ে গেলেও রুম পাওয়ার নিশ্চয়তা থাকে। কিন্তু ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পিক সিজনে অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই ভালো। দাম অনুযায়ী হোটেলগুলোকে তিন ভাগে ভাগ করা যায়:
৬,০০০–৩০,০০০৳/রাত
রামাদা, মারমেইড বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইজ, লং বীচ, কক্স টুডে, হেরিটেজ
৩,০০০–৬,০০০৳/রাত
হোটেল সী ক্রাউন, সী প্যালেস, সী গাল, কোরাল রীফ, নিটোল রিসোর্ট, আইল্যান্ডিয়া, হোটেল বীচ ওয়ে, বীচ ভিউ, ইউনি রিসোর্ট
১,০০০–৩,০০০৳/রাত
উর্মি গেস্ট হাউজ, ইকরা বিচ রিসোর্ট, অভিসার, মিডিয়া ইন, কল্লোল, সেন্টমার্টিন রিসোর্ট, হানিমুন রিসোর্ট, নীলিমা রিসোর্ট
উপরের দামগুলোর চেয়েও কমে হোটেল পাওয়া যায়, তবে আগে থেকে একটু খোঁজ-খবর নিতে হবে। অফ-সিজনে হোটেল ভাড়া সাধারণত অর্ধেকেরও কম থাকে। সময় থাকলে কক্সবাজার নেমেই দরদাম করে হোটেল খোঁজা সবচেয়ে ভালো।
কম দামে হোটেল চাইলে কলাতলি বিচ থেকে একটু দূরে লং বিচ হোটেলের সামনে উল্টোপাশের গলির ভেতরের হোটেলগুলো দেখুন। বিচ ও মেইন রোড থেকে যত দূরে, ভাড়া তত কম।
রিকশাওয়ালা বা CNG ওয়ালার পরামর্শে হোটেল নেবেন না। ওরা commission এর জন্য সুপারিশ করে — দাম বেশি পড়ে। প্রয়োজনে হোটেলের ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন।
ফ্ল্যাট ভাড়া (পরিবারের জন্য): পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চাইলে ফ্ল্যাট ভাড়া নিতে পারেন। এসি/নন-এসির ২/৩/৪ বেডরুম ও রান্নাঘর বিশিষ্ট ফ্ল্যাটের প্রতিদিন ভাড়া ২,০০০ থেকে ১৫,০০০ টাকা।
সি ভিউ হোটেল: অনেক হোটেল ও রিসোর্ট আছে যেগুলোর রুম থেকে সমুদ্র সৈকত দেখা যায়। তবে এই ধরনের বিচ ভিউ হোটেলের ভাড়া তুলনামূলক বেশি।
কক্সবাজারে কী কী করবেন? (ট্যুর প্ল্যান)
সাগরের উত্তাল জলরাশি, ঝাউবনের সারি কিংবা তপ্ত বালির বিছানা — কক্সবাজার আপনাকে কাছে টেনে নেবেই। বেলাভূমিতে হাঁটা, সাগরের জলে রোদ স্নান, আর সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য — প্রতি মুহূর্তে মানসিক প্রশান্তি দেবে।
সতর্কতা
সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় জেনে নিন। কক্সবাজার সৈকতে প্রতি বছর কিছু পর্যটক ডুবে মারা যান শুধু এই সময় না জানার কারণে। ট্যুরিস্ট পুলিশের হটলাইন সবসময় সাথে রাখুন: +৮৮০ ১৩২০-২২২২২২
সমুদ্রের পুরো রূপ উপভোগ করতে চাইলে অবশ্যই সূর্যোদয় ও সূর্যাস্তের সময়টুকু বিচে কাটান। ভোরের স্নিগ্ধ আলোয় সমুদ্র সৈকতের একদম ভিন্ন রূপ দেখা যায়। পূর্ণিমার সময় গেলে সন্ধ্যার পরের সময়টুকু সৈকতে কাটান — দারুণ অভিজ্ঞতা হবে।
স্পিডবোট রাইড: উত্তাল সাগরের ঢেউয়ের সাথে ১০০–২৫০ টাকার বিনিময়ে স্পিডবোট রাইডে যেতে পারেন।
বিচ ফটোগ্রাফার: সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে বিচ ফটোগ্রাফারদের সাহায্য নিতে পারেন।
আশেপাশের দর্শনীয় স্থান (বিকেলের প্ল্যান): বিকেলে আরও চাঙ্গা হতে চলে যান ইনানী বিচ কিংবা হিমছড়ি ঝর্ণা থেকে। সময় থাকলে ঘুরে আসুন — মহেশখালী, কুতুবদিয়া, রামুর বৌদ্ধ মন্দির, টেকনাফ কিংবা সেন্টমার্টিন থেকে।
আশেপাশের যা যা দেখা যেতে পারে:
- হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
- ইনানী সমুদ্র সৈকত
- মহেশখালী দ্বীপ
- রামু বৌদ্ধ বিহার
- রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
- সেন্টমার্টিন দ্বীপ
সময় থাকলে সৈকতের পাশের বার্মিজ মার্কেট থেকে প্রিয়জনদের জন্য স্মারক উপহার কিনে আনতে পারেন।
কক্সবাজারে কোথায় খাবেন?
বেশিরভাগ ভালো হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট সার্ভিস আছে। বাইরে খেতে চাইলে কক্সবাজারে সব ধরনের ও মানের রেস্টুরেন্ট পাবেন। মধ্যম মানের বাজেট রেস্টুরেন্টের মধ্যে — রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি উল্লেখযোগ্য।
খাবারের খরচ:
- নরমাল সেট মেনু — ২০০–৩৫০ টাকা
- সামুদ্রিক মাছ সহ নানান পদের আইটেম — ৩০০–৫০০ টাকা
সিজন অনুসারে খাবারের দামও কম-বেশি হতে পারে।
কক্সবাজার ভ্রমণে গুরুত্বপূর্ণ টিপস
ট্যুরিস্ট পুলিশ: যেকোনো সমস্যায় ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নিন। হটলাইন: +৮৮০ ১৩২০-২২২২২২
কম খরচের জন্য অফ-সিজনে যান: পিক সিজনের বাইরে গেলে হোটেল ভাড়া অর্ধেক হয়ে যায়।
দরদাম করুন: যেকোনো কিছু কেনা ও যাতায়াতের ভাড়ার ক্ষেত্রে অবশ্যই দরদাম করুন। কক্সবাজারে পর্যটক দেখলে দাম দ্বিগুণ চাওয়া স্বাভাবিক।
খাবারের দাম আগে জিজ্ঞেস করুন: কোনো রেস্টুরেন্টে কিছু খাবার আগে দাম জিজ্ঞেস করে নিন। বিল আসার পর আশ্চর্য হওয়ার মতো অনেক ঘটনা ঘটে।
হোটেল রিভিউ চেক করুন: হোটেল ঠিক করার আগে হোটেল সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
জোয়ার-ভাটার সময় মেনে সাগরে নামুন: এটা আবারও মনে করিয়ে দিচ্ছি — এটা প্রাণের প্রশ্ন।
ঢাকা–কক্সবাজার ফ্লাইট সবচেয়ে কম দামে খুঁজতে Tripzao ব্যবহার করুন — Biman, Novoair, US-Bangla সব airline এক জায়গায় compare করতে পারবেন। ৪–৬ সপ্তাহ আগে বুক করলে best fare পাবেন।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচেয়ে সস্তা উপায় কী?
সবচেয়ে সস্তা উপায় হলো নন-এসি বাস, ভাড়া ১,১০০ টাকা থেকে শুরু। ট্রেনে শোভন চেয়ার ৬৯৫ টাকায় যাওয়া যায়, কিন্তু টিকিট আগে কাটতে হয়। ফ্লাইট সবচেয়ে দামি (৪,৫৯৯ টাকা থেকে শুরু) কিন্তু সময় বাঁচায় — মাত্র ১ ঘণ্টায় পৌঁছানো যায়।
কক্সবাজারে কত দিন থাকা ভালো?
শুধু কক্সবাজার সৈকত হলে ২ দিন যথেষ্ট। কিন্তু ইনানী, হিমছড়ি, মহেশখালী, রামু বৌদ্ধ মন্দির বা সেন্টমার্টিনও কভার করতে চাইলে ৪–৫ দিন রাখুন। সেন্টমার্টিনের জন্য আলাদা ১ দিন বাজেট করুন।
পিক সিজনের বাইরে কক্সবাজার যাওয়া কেমন?
অফ-সিজন (বিশেষ করে বর্ষা ও মৌসুমের শুরু-শেষে) গেলে হোটেল ভাড়া অর্ধেকের কম, ভিড়ও কম, প্রকৃতি অন্যরকম রূপে। বাজেট ট্রাভেলারদের জন্য এটা আদর্শ। শুধু বর্ষায় গেলে সমুদ্র উত্তাল থাকে, সেক্ষেত্রে সাঁতার কাটায় সাবধান।
তথ্যসূত্র: Vromon Guide